আলহাজ্ব এমারত আকনঃ মাদারীপুর সদর মডেল থানার অস্থায়ী ভবনের গ্রিল কেটে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া সেই নারী আসামি হাসিনা বেগমকে (৩৬) গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার (১১ জুলাই) ভোর সোয়া ৬ টার সময় ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকার জিয়ানগর ৪ নং গলি থেকে তাকে যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ ও র্যাব। গ্রেফতারকৃত হাসিনা বেগম মাদারীপুর সদর থানার কালাইমারা গ্রামের মোঃ হবি হাওলাদারের মেয়ে এবং আল আমিনের স্ত্রী।
পরবর্তীতে মাদারীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে আসামিকে গ্রেফতারে জোর তৎপরতা শুরু হয়। মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এসআই বাপ্পি সরদার, এসআই এসএম শাহরিয়ার, এসআই সাকিব সালমান, এসআই রমজান আলী সজল, নারী পুলিশসহ মাদারীপুর সদর থানা এবং র্যাব-৮ এর একটি চৌকস দল তথ্য-প্রযুক্তি ও সোর্সের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে। অবশেষে আজ ভোরে ঢাকার কেরানীগঞ্জ থেকে পলাতক আসামিকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়। এ বিষয়ে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে অভিযানের সত্যতা নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে।