মাদারীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছেন অন্তত ১৫ জন। গত শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।
এঘটনায় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী লাবিবা পরিবহনের যাত্রীবাহী বাসটি কর্ণপাড়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি কালো রংয়ের প্রাইভেটকার হঠাৎ ব্রেক করে, এ সময় লাবিবা পরিবহনের চালক প্রাইভেট কারকে বাঁচাতে ডান দিকে মোচড় নিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি সড়কের পাশে থাকা দুইটি গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনাকালে বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল।
বাসটি গাছের সাথে ধাক্কা খাওয়ার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয় এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে যাত্রীদের নিরাপদে উদ্ধার করেন,তবে এ সড়ক দুর্ঘটনায় বড় ধরনের কোনো প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেনি।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে মোস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ জানায়, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেই মূলত এই দুর্ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসটি উদ্ধারে কাজ চলছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।