কাজী নজরুল ইসলামঃ মাদারীপুরে চাঞ্চল্যকর ও আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ জুলাই) রাত আড়াইটার দিকে বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। মাদারীপুর সদর মডেল থানার শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকষ দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— নিহত লামিয়ার শ্বশুর খোকন বেপারি, ননদ রিংকি এবং অপর ননদ লিমা।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার পুলিশ সুপার জনাব হাবিবুর রহমানের নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা স্যারের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: সাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাগেরহাটের রামপালে সাঁড়াশি অভিযান চালান। সেখানে একটি আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় ওই তিন আসামিকে আটক করা হয়।
শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মো: সাজেদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলোচিত এই হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গৃহবধূ লামিয়া হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল। এই গ্রেফতারের মধ্য দিয়ে মামলার তদন্তে বড় অগ্রগতি হলো বলে মনে করছে পুলিশ।