মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জেরে মো. এছাহাক সরদার (৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এর কয়েক ঘণ্টা পর শনিবার সকালে তার বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অর্ধশতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় তিন যুবক আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি পৌরসভার উত্তর জনারদন্দী গ্রামের নশাই সরদারের ছেলে এছাহাক সরদারের সঙ্গে একই এলাকার ঝালু মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
শুক্রবার রাত ১১টার দিকে বাড়ির পাশের একটি দোকান থেকে একা বাড়ি ফিরছিলেন এছাহাক সরদার। পথে আগে থেকে ওৎ পেতে থাকা ঝালু মোল্লার নেতৃত্বে তুহিন মোল্লা, পারভেজ মোল্লা, রবিউল মোল্লা, লিমন মোল্লাসহ কয়েকজন তার পথরোধ করেন বলে অভিযোগ। পরে তাকে কুপিয়ে জখম করে দুই পায়ের রগ কেটে ফেলে রেখে যায় তারা।